Posted in

হারের ধাক্কার পর শাস্তি পেলেন শুভমনেরা! ওয়েস্ট ইন্ডিজ়কেও সাজা দিল জয় শাহের আইসিসি

প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫১ রান করেছিল ভারত। লোকেশ রাহুল ১২৯ ও রোহিত শর্মা ৯২ রান করেন। জবাবে অধিনায়ক শাই হোপের অপরাজিত ১৬২ রানে ভর করে জেতে ওয়েস্ট ইন্ডিজ়।

সিরিজ় জিতলেও ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে হেরেছে ভারত। সেই ধাক্কার পর এ বার শাস্তিও পেলেন শুভমন গিলেরা। শুধু ভারতীয় ক্রিকেটারেরা নন, জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি শাস্তি দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটারদেরও।

মুল্লানপুরে তৃতীয় এক দিনের ম্যাচে মন্থর বোলিং করেছে ওয়েস্ট ইন্ডিজ় ও ভারত দু’দলই। ওয়েস্ট ইন্ডিজ় নির্দিষ্ট সময়ের মধ্যে দু’ওভার শেষ করতে পারেনি। ভারত শেষ করতে পারেনি চার ওভার। তার ফলে ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটারদের ম্যাচ ফি-র ১০ শতাংশ ও ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

আইসিসি একটি বিবৃতিতে বলেছে, “ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটারদের ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। ভারত চার ওভার পিছিয়ে ছিল। ওয়েস্ট ইন্ডিজ় দু’ওভার।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “মাঠের দুই আম্পায়ার জয়রমন মদনগোপাল ও স্যাম নোগাস্কি, তৃতীয় আম্পায়ার শরিফুদ্দৌলা এবং চতুর্থ আম্পায়ার বীরেন্দ্র শর্মার রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসির ম্যাচ রেফারি প্রকাশ ভট্ট এই শাস্তি দিয়েছেন। দুই দলের অধিনায়কই দোষ স্বীকার করেছেন। ফলে কোনও শুনানির প্রয়োজন পড়েনি।”

মুল্লানপুরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫১ রান করেছিল ভারত। লোকেশ রাহুল ১২৯ ও রোহিত শর্মা ৯২ রান করেন। জবাবে অধিনায়ক শাই হোপের অপরাজিত ১৬২ রানে ভর করে ৫ উইকেটে ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ়। প্রথম দুই ম্যাচ জেতায় ২-১ ফলে সিরিজ় জিতেছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *