Posted in

হারলেই বেতন কাটা, লঙ্কানদের জন্য কঠোর চুক্তি

জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে বড় ধরনের পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। নতুন এই চুক্তিতে পারফরম্যান্সের ভিত্তিতে পুরস্কারের পাশাপাশি ব্যর্থতার জন্য বেতন কাটার মতো কঠোর নিয়ম যুক্ত করা হয়েছে।

এখন থেকে যেকোনো ফরম্যাটে সিরিজ হারলে শ্রীলঙ্কার ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ বেতন কেটে নেওয়া হবে। বোর্ড মনে করছে, এই কঠোর সিদ্ধান্ত খেলোয়াড়দের মাঠে আরও দায়িত্বশীল করে তুলবে।

এমনকি সিরিজ জয়ের বোনাসকেও কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আগের নিয়মে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বর দল পর্যন্ত সিরিজ জয়ের বোনাস থাকলেও, এখন তা কমিয়ে শীর্ষ ৪-এ আনা হয়েছে। টেস্ট ক্রিকেটে এক নম্বর দলের বিপক্ষে বিদেশের মাটিতে সিরিজ জিতলে পুরো দল পাবে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। র‍্যাঙ্কিং অনুযায়ী দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দলের জন্য এই বোনাস যথাক্রমে ১ লাখ ৫ হাজার, ৭৫ হাজার এবং ৬০ হাজার ডলার।

নতুন চুক্তিতে দেশের মাটি এবং বিদেশের মাটিতে জয়ের বোনাসে বড় বৈষম্য রাখা হয়েছে। ওয়ানডে ফরম্যাটে বিদেশের মাটিতে এক নম্বর দলের বিপক্ষে সিরিজ জিতলে ১ লাখ ৫০ হাজার ডলার দেওয়া হলেও, দেশের মাটিতে একই সাফল্যের জন্য দেওয়া হবে ৭৫ হাজার ডলার। টি-টোয়েন্টি ফরম্যাটে সব ভেন্যুতে বোনাসের পরিমাণ একই রাখা হয়েছে।

নেতৃত্বের অতিরিক্ত দায়িত্বের স্বীকৃতিস্বরূপ প্রতি টেস্ট ও ওয়ানডে ম্যাচে অধিনায়ক ১০০০ ডলার এবং টি-টোয়েন্টিতে ৫০০ ডলার বাড়তি সম্মানী পাবেন। এছাড়া আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে পারলে দলকে ২৫ হাজার ডলার এবং ২ থেকে ৫ নম্বরে থাকতে পারলে ২০ হাজার ডলার এককালীন বোনাস দেবে বোর্ড।

আগামী দুই সপ্তাহের মধ্যে ক্রিকেটারদের হাতে এই নতুন চুক্তিনামা তুলে দেওয়া হবে বলে নিশ্চিত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *