Posted in

হারতে হারতে অবশেষে হারারেতে সিরিজ় জয়, দ্বিতীয় টি-টোয়েন্টিতে জ়িম্বাবোয়েকে ৯০ রানে হারাল শ্রেয়স-লক্ষ্মণের ভারত

আয়ারল্যান্ড, ইংল্যান্ড সফরে টানা তিনটি সাদা বলের সিরিজ় হারের পর অবশেষে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ় জিতল ভারত। অধিনায়ক হিসাবে শ্রেয়স আয়ারও প্রথম সিরিজ় জয়ের স্বাদ পেলেন। শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জ়িম্বাবোয়েকে ৯০ রানে হারাল ভারত। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ় জয় নিশ্চিত করল ভিভিএস লক্ষ্মণের দল। প্রথমে ব্যাট করে ভারত করে ৫ উইকেটে ২১৯। জবাবে জ়িম্বাবোয়ের ইনিংস শেষ হল ১৭.৫ ওভারে ১২৯ রানে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ে প্রথম ২০ ওভারের সিরিজ় জিতল ভারত।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জ়িম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজা। প্রথম ব্যাট করার সুযোগ পেলেও শুরুটা ভাল করতে পারেনি ভারতীয় দল। দুই ওপেনার বৈভব সূর্যবংশী (২০) এবং অভিষেক শর্মা (৮) রান পেলেন না। চার নম্বরে নেমে অধিনায়ক শ্রেয়সও (২৫) দলকে ভরসা দিতে পারেননি। ভারতকে লড়াইয়ে ফেরায় ঈশান কিশন এবং তিলক বর্মা। তিন নম্বরে নেমে ঈশান খেললেন ৪৪ বলে ৮১ রানের ইনিংস। ৯টি চার এবং ২টি ছক্কা এল তাঁর ব্যাট থেকে। পাঁচ নম্বরে নেমে ২৯ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন তিলক। ৫টি চার, ৩টি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। ব্যর্থ রিঙ্কু সিংহ (১২)। শেষে তিলকের সঙ্গে ২২ গজে ছিলেন শিবম দুবে (অপরাজিত ৬)।

জ়িম্বাবোয়ের সফলতম বোলার ব্রায়ান বেনেট ২২ রানে ১ উইকেট নিয়েছেন। ২৫ রানে ১ উইকেট নিউম্যান নিয়ামহুরির। ৩৬ রানে ১ উইকেট নিয়েছেন ব্লেসিং মুজ়ারাবানি। ৪৩ রানে ১ উইকেট রিয়ার্চ এনগারাভার। এ ছাড়া ৪৪ রানে ১ উইকেট নিয়েছেন ব্র্যাড এভান্স।

জয়ের জন্য ২২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনও সময়ই স্বচ্ছন্দে ছিলেন না জ়িম্বাবোয়ের ব্যাটারেরা। হারারের চেনা ২২ গজেও ভারতীয় বোলিং আক্রমণের সামনে শুরু থেকে সমস্যায় ছিলেন তাঁরা। বলার মতো রান করেছেন বেনেট (৩২), তাদিওয়ানাশে মারুমানি (২৪), রিয়ান বার্ল (২০) এবং এভান্স (১৯)।

ভারতীয় বোলারদের মধ্যে সফলতম অভিষেক। ১৭ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। প্রিন্স যাদব ১১ রানে ২ উইকেট নিয়েছেন। ৩০ রানে ২ উইকেট যশ ঠাকুরের। ২০ রানে ১ উইকেট রবি বিশ্নোইয়ের। ১৩ রানে ১ উইকেট শিবমের। ৯ রানে ১ উইকেট তিলকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *